ফেনীর পরশুরামের বক্সমাহমুদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোডাউনসহ ১৯টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুনে পুঁজি ও মালামাল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
শনিবার (১০ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন নুরুল আমিন রবিন, মাইফুল, নিজাম উদ্দিন, আবদুল কাদের মিনার, মোস্তফা, সামছুল হক, মিন্টু, আবুল খায়ের ও এমরান হোসেন। এসব দোকানের আয় দিয়েই চলত তাদের পরিবারের সংসার। আগুনে সব হারিয়ে নতুন করে ব্যবসা শুরু করা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।
তাদের ভাষ্য, একটি মুদি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরশুরাম ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই বেশির ভাগ দোকান পুড়ে যায়।
পরশুরাম ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
বক্সমাহমুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন মিনার বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় অনেক দোকান আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া বলেন, হঠাৎ এভাবে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করা হচ্ছে।
বারবার আগুন, বাড়ছে উদ্বেগ
বক্সমাহমুদ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে, ২০২৫ সালের ২৩ জুলাই রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বাজারের গোলাম আজম মার্কেটে আগুন লাগে। এতে বীজ, চা ও মুদি দোকানসহ আটটি দোকান পুড়ে যায়।
এরও আগে, ২০২১ সালের ১৮ এপ্রিল রাত সাড়ে তিনটার দিকে মামুন ও জসিম পাটোয়ারী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় ওষুধ, মুদি, ফার্নিচার ও স্বর্ণের দোকানসহ অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়।

একাধিক অগ্নিকাণ্ডে বারবার ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সর্বশেষ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বাজারের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
পতাকানিউজ/এএএম/এমএম

