ফেনীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার, ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৩টায় ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে এ ঘটনা ঘটে। এসময় ৩টি মোটরসাইকেল পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শর্শদী বাজারের গ্রামীণ ব্যাংকের অফিসের কাজ শেষ করে বুধবার ভবনের দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়েন কর্মকর্তা-কর্মচারীরা। রাত ৩টা ৪০ মিনিটে নিচতলার সিড়ি কক্ষের কলাপসিবল গেটের ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় নিরাপত্তা প্রহরী আগুন আগুন বলে চিৎকার করলে সবাই এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, আগুনে সিঁড়ি কক্ষে থাকা তিনটি মোটরসাইকেল ও ২টি বসার ব্রাঞ্চ পুড়ে গেছে। আমরা আগুন নেভানোর কাজ করায় ছড়াতে পারেনি। এ ঘটনায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেয়া হবে।
ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পতাকানিউজ/এএএম/আরবি

