ফেনীতে এক নারীকে উত্ত্যক্ত ও মারধর করার অভিযোগের তদন্ত করতে গিয়ে আসামিদের হামলায় এক তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শুক্রবার, ১৪ নভেম্বর সকাল ১১টায় পরশুরাম পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া গ্রামের গুনাগাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জনৈক শেফালী আক্তারকে উত্ত্যক্ত ও মারধর করায় কোলাপাড়া গ্রামের মো. ফারুক হোসেনের দুই ছেলে ফয়সাল ও রাজিবের বিরুদ্ধে পরশুরাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরশুরাম থানার এসআই মুন্না শুক্রবার সকালে দুই কনস্টেবলকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের তদন্ত ও জিজ্ঞাসাবাদ করেন।
এ সময়ে উভয় পক্ষের মধ্যে আবার উত্তেজনা দেখা দিলে পুলিশ দুই পক্ষের মধ্যে মীমাংসা করে দেন। এসময় ফারুক হোসেন ও তার দুই ছেলে ফয়সাল ও রাজিব ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় পরশুরাম থানার এসআই মুন্না কনস্টেবল রুহুল আমিন এবং নাজমুল আহত হন।
ঘটনাস্থলে উপস্থিত রেজাউল করিম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষের ঘটনা শুনে মীমাংসার চেষ্টা করেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ মীমাংসা করে দেন। পরে এক পক্ষ পুলিশের উপর অতর্কিতভাবে হামলা করে।’
পরশুরাম থানার এসআই মুন্না বলেন, ‘শেফালী আক্তারকে উত্যক্ত করায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের তদন্ত চলাকালীন সময়ে উভয় পক্ষের মধ্যে আবার উত্তেজনা দেখা যায়। ঘটনার প্রাথমিক তদন্ত শেষে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দিয়ে চলে আসার সময় ফারুক হোসেন ও তার দুই ছেলে রাজিব ও ইমাম হোসেন ফয়সাল ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে অতর্কিতভাবে হামলা করে। এতে আমিসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে।’
পরশুরাম থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, ‘এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। হামলাকারীদের গ্রেপ্তারের পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’
পতাকানিউজ/এএএম/এএইচ

