ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের চানপুর গ্রামের আজিজ উল্যা মাস্টার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার, ১৮ অক্টোবর রাতে ডাকাত দল পরিবারের সকলকে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকাসহ মূল্যবান সামগ্রীসহ ২ কোটি টাকার মালামাল লুট করে।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, আজিজ উল্যা মাস্টারের ছোট ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স ঘরের বারান্দার লোহার গ্রীল ও কলাপসিবল গেইটের গ্রীল কেটে ডাকাত দল ঘরে প্রবেশ করে। এরপর পরিবারের সবাইকে বেঁধে ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, মোবাইল, মূল্যবান জিনিসপত্রসহ ২ কোটি টাকার মালামাল লুটে নেয়।
জানা যায়, বাবুলের বড় মেয়ে লাবনী আক্তার সুইডেন প্রবাসী। সম্প্রতি সে দেশে আসে ও বাবার বাড়িতে ছিলেন। বাবুল মিয়ার ছোট বোন তার সাথে বসবাস করে। কিছুদিন আগে আরেক বড় বোন বেড়াতে এসেছেন। বাবুল মিয়ার স্ত্রী, মেয়ে ও বোনের মিলিয়ে প্রায় ৭০ ভরি স্বর্ণ ডাকাতরা হাতিয়ে নেয়। ঘটনার রাতে বাবুল মিয়ার স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিলেন না।
পরিবারের সদস্যরা আরও জানান, ডাকাত দল ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে অবস্থান করা বাবুল মিয়া, দুই ভাগিনা ও দুই বোনকে বেঁধে ফেলে। বাবুল মিয়াকে প্রহার করে। সকালে লোকজন টের পেয়ে পুলিশে খবর দেয়।
স্থানীয়রা জানান, ডাকাতির ঘটনায় আশপাশের চিহ্নিত কতিপয় সন্ত্রাসী জড়িত থাকতে পারে। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এদের বিরুদ্ধে মাদক কারবার, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলার অবনতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ওয়াহেদ পারভেজ জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে অভিযানসহ মামলার প্রস্তুতি চলছে।’
প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর শনিবার রাতে সিলোনীয়া বাজারের মুদি মনিহারী ব্যবসায়ী আজাদের (৪৫) চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে ছিনতাইকারীচক্র দুইভরি স্বর্ণ ও নগদ টাকাসহ ৫ লাখ টাকার মত ছিনিয়ে নিয়ে যায়। ভুক্তভোগী দুইজনকে চিহ্নিত ও আরো ৫/৭ জনকে সন্দেহ করে থানায় মামলা দায়ের করলেও পুলিশ কোনো আসামি ধরতে পারেনি।
উপজেলার ইয়াকুবপুর থেকে ১১টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। গতমাসে জায়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামের তিন বাড়ি থেকে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। আগস্ট মাসে এক শিক্ষিকার নিকট থেকে দিনে-দুপুরে সিএনজি থেকে নগদ টাকা, স্বর্ণ ও মোবাইল ছিনতাইয়ের ঘটনার থানায় অভিযোগ করলেও কোনো সুফল মেলেনি। গতমাসে সিলোসিয়া বাজারে স্বামী-স্ত্রীকে আটক করে কাবিন তালাশ ও হাতাহাতির ঘটনায় করা মামলায়ও পুলিশ কাউকে আটক করতে পারে নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে।
পতাকানিউজ/এএএম/এএইচ

