ফেনীতে ডেঙ্গুর সংক্রমণ বেড়েই চলেছে। চলতি বছরের ১১ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭১ জনে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১১ দিনেই আক্রান্ত হয়েছেন ২২৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ২২ জনের। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৩ জন। সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ।
রবিবার (১১ অক্টোবর) ফেনী সিভিল সার্জন কার্যালয়ের হালনাগাদ ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮১ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় একজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
উপজেলাভিত্তিক পরিসংখ্যানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ফেনী সদরে। চলতি বছরের এ পর্যন্ত সদর উপজেলায় ৭২৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া সোনাগাজীতে ৮৭, দাগনভূঞায় ৬৮, ছাগলনাইয়ায় ৪৭, পরশুরামে ২৭ এবং ফুলগাজীতে ১৬ জন আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে জেলায় ৪৯৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল। চলতি অক্টোবরের প্রথম ১১ দিনে শনাক্ত হয়েছেন আরও ২২৮ জন। সব মিলিয়ে এ বছর জেলায় আক্রান্তের সংখ্যা ৯৭১ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২২ জনের মধ্যে ফেনী সদরে ১৬, সোনাগাজীতে পাঁচ এবং দাগনভূঞায় একজন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৪৩ জন রোগীর মধ্যে ফেনী সদরে ৩৫ জন, দাগনভূঞায় চারজন, সোনাগাজীতে তিনজন এবং পরশুরামে একজন রয়েছেন। এ পর্যন্ত সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬৬১ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১৮ জন। প্রতিবেদনে চলতি বছরে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. রোকন উদ দৌলা জানান, হাসপাতালে রোগীর চাপ বেশি থাকায় সীমিত জনবল দিয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। এ পরিস্থিতিতে সবাইকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

ফেনীর সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান বলেন, জেলায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। তবে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
তিনি আরও জানান, ডেঙ্গু পরীক্ষার জন্য জেলায় বর্তমানে ৪ হাজার ৭২৮টি টেস্ট কিট মজুত রয়েছে। এর মধ্যে ফেনী সদরে ৩ হাজার ৭৪৮টি, দাগনভূঞায় ১০২টি, সোনাগাজীতে ১৬৫টি, ছাগলনাইয়ায় ৫১৪টি, পরশুরামে ৮৭টি এবং ফুলগাজীতে ১১২টি কিট রয়েছে।
স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার করা জরুরি। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
পতাকানিউজ/এএএম/এমএম

