ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব জাতীয় সংসদে প্রত্যাহারের প্রতিবাদে ও প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী ও ফেনী সুনাগরিক ফোরাম।
শনিবার, ৪ মার্চ সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ও দুপুরে ফেনী প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সাংবাদিক, আইনজীবী, সামাজিক সংগঠন ও লেখকসহ বিভিন্ন সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত প্রধানমন্ত্রীর ২৫ জানুয়ারি ফেনী পাইলট স্কুল মাঠে মেডিকেল কলেজ স্থাপনে দেয়া ওয়াদা বাস্তবায়ন করার আহ্ববান জানান। অন্যথায় ফেনীর মানুষ ন্যায্য অধিকার আদায়ে রাজপথে আন্দোলন সংগ্রামসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
সুনাগরিক ফোরামের উপদেষ্টা ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী মোরশেদ হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এপিপি অ্যাড. মেজবাহ উদ্দিন মোর্শেদ, শিক্ষক শাহাদাত হোসেন বাদল, তারিকুল ইসলাম ভূঁইয়া, শরীফুল ইসলাম অপু, ওসমান গনি রাসেল, নুরুজ্জামান সুমন, আব্দুল বারিক, শামিম ভূঁইয়া, জাহানারা আক্তার মনি ও এ এম. মোরশেদ শিবলী, শেখ আব্দুল হান্নান, এস. আলম অপু ও মো. আব্দুস ছালাম।
এদিকে ফেনী জেলা জামায়াতে ইসলামীর মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে আয়োজিত মানববন্ধন আজ দুপুরে ট্রাংক রোডের ফেনী প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।

জেলা সেক্রেটারী মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আবু ইউছুফ, এপিপি অ্যাড. জামাল উদ্দিন, জেলা সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, ছাত্র শিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমান ও শহর আমীর ইন্জিনিয়ার নজরুল ইসলাম।
বক্তারা ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাহার হওয়ার তীব্র নিন্দা জানান। তারা বলেন, ফ্যাসিস্ট আমলেও ফেনীর মানুষ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে রাস্তায় নেমে এসেছিল। কিন্তু ফ্যাসিস্ট সরকার ফেনীতে মেডিকেল কলেজ না করে নোয়াখালীতে করেন। ফেনীতে চিকিৎসা সেবা নিতে ফেনীর ১৮ লাখ মানুষ ছাড়াও কুমিল্লার চৌদ্দগ্ৰাম, নোয়াখালীর সেনবাগ, কোম্পানীগন্জ, চট্টগ্ৰামের মিরসরাই ও খাগড়াছড়ি জেলার মানুষ ফেনীতে আসেন। অথচ ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি উপেক্ষা করে সম্পূর্ন অযৌক্তিক ভাবে লক্ষিপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অবিলম্বে ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্ৰহন না করলে সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
পতাকানিউজ/এএএম/আরবি

