ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার, ১ জুলাই সকালে ছাগলনাইয়া উপজেলার মির্জার বাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের বাসিন্দা সাহাব উদ্দিন খোকন (৫৫) ও সদর উপজেলার দক্ষিণ ছনুয়া এলাকার মৃত মকবুল আহম্মদের ছেলে কবির হোসেন (৭২)।
পুলিশ সূত্র জানায়, সকালে ছাগলনাইয়া উপজেলার মির্জার বাজার এলাকায় কৃষি জমি থেকে হঠাৎ সড়কে উঠে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সাহাব উদ্দিন খোকনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
এদিকে একইদিন সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার খাইয়ারা বাজার সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন কবির হোসেন। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া থানা ওসি মো. আবু তাহের বলেন, ট্রাক্টরের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন। তারা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও সিএনজি অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।
ফাজিলপুর হাইওয়ে থানা ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় মহাসড়কে একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেয়ার জন্য আবেদন করেছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পতাকানিউজ/এএএম/আরবি

