ফেনী শহরের জগন্নাথ বাড়ি সড়কে অভিযান চালিয়ে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় আতশবাজি জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অবৈধ আতশবাজি বিক্রির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।
এর আগে, শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথ বাড়ি সড়ক ও আশপাশের কয়েকটি দোকান এবং ফুটপাতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।

গ্রেপ্তাররা হলেন- আইয়ুব নবী (৫৬), দিদারুল আলম (৩৭), তপন চন্দ্র দাস (২২), বাবুল দেব নাথ (৪৪), অপু চন্দ্র দে (৩৭) ও খোকন চন্দ্র দে (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন দোকানে তল্লাশি করে ছোট-বড় ১৫ বস্তা ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়। জব্দ করা আতশবাজির আনুমানিক বাজারমূল্য ৭ থেকে ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি জাবেদ মাহমুদ জানান, গ্রেপ্তার ছয়জনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর আজ রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
পতাকানিউজ/এএএম

