ফেনীর একটি উচ্চ বিদ্যালয়ে ৯২ জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তবে পরীক্ষার আগেই সব সমস্যার সমাধান আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক।
বিদ্যালয় ও অভিভাবক সূত্রে , উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে এবার ৯২ জন এসএসসি পরীক্ষার্থী। তাদের পরীক্ষার বোর্ড ফি বাবদ ১ লাখ ১৭ হাজার টাকা পরিশোধের জন্য ডিসেম্বর মাসের শেষের দিকে স্কুলের অফিস সহকারী মিহির চন্দ্র শীলকে দায়িত্ব দেয়া হয়। তিনি ওই টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন। কয়েকমাস পরও ওই টাকা বোর্ডে জমা হয়েছে কিনা তা খতিয়ে দেখেননি স্কুল কর্তৃপক্ষ। গত বুধবার ফেনীর অন্যান্য স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র এলেও বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রবেশপত্র না আসায় বিষয়টি জানাজানি হয়।
স্কুল সংশ্লিষ্টরা জানায়, চলতি মাসের ২১ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় বালিগাঁও উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ১৪ জন, মানবিকে ১৬ জন ও ব্যবসায়ে শিক্ষায় ২৫ জন এবং ৩৭ জন অনিয়মিত শিক্ষার্থীসহ মোট ৯২ জন অংশ নেয়ার কথা রয়েছে। কয়েকদিন আগেই ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের পরীক্ষার্থীদের প্রবেশপত্র হাতে তুলে দেয়। কিন্তু বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রবেশপত্র না আসার কারণ খুঁজতে গিয়ে বোর্ড ফি পরিশোধ না হওয়ার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা শিক্ষা বোর্ড।
এদিকে বিষয়টি জানার পর গত বৃহস্পতিবার সকালে স্কুলে জরুরি সভায় বসেন শিক্ষকরা। তারা স্কুলের কোচিংয়ের টাকা থেকে ১ লাখ ২৫ হাজার টাকা প্রধান শিক্ষকের হাতে দিয়ে দ্রুত বোর্ডের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। এরপর প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন দুপুরের মধ্যেই শিক্ষা বোর্ডে পৌঁছেন এবং প্রবেশপত্র পাওয়ার আশ্বাস পেলেও নিশ্চিত সমাধান পাননি।
এ বিষয়ে প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, বেশ কিছুদিন যাবৎ অফিস সহকারী মিহিরকে বোর্ড ফি পরিশোধের জমা ভাউচারটি খুঁজে পাচ্ছে না বলে আমাকে জানায়। কিন্তু সে টাকাগুলো জমা দেয়নি। এমনটা আমরা ভাবতে পারিনি। বিষয়টি আমরা নিশ্চিত হওয়ার পর সে তার ব্যবহৃত মোবাইল বন্ধ রাখায় যোগাযোগ করা যাচ্ছে না।’
তিনি বলেন, ‘ইতিমধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে দেখা করেছি। তিনি জরিমানাসহ বোর্ড ফি জমা দিলে প্রবেশপত্রের ব্যবস্থা করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আশাকরি বিষয়টি সমাধান হয়ে যাবে।’
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা বলেন, ‘এ তথ্য প্রধান শিক্ষক আমাকে জানাননি। আমি বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষকের মুঠোফোনে বার বার যোগাযোগের চেস্টা করেও তাকে পাইনি। পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র যথাসময়ে না পৌঁছলে এর দায়ভার প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের ওপর বর্তাবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না।
পতাকানিউজ/এএএম/আরবি

