ফেনী নদীর অব্যাহত তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে তীরবর্তী জনপদের মানুষ। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে শত শত একর ফসলি জমি, বসতভিটা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা। এ সংকট থেকে পরিত্রাণ ও টেকসই নদী শাসনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
রবিবার, ৩ মে সকাল ১০ টায় নদীর সেতু সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে নদী তীরবর্তী বিভিন্ন গ্রামের নারী-পুরুষ ও শিশুসহ শত শত মানুষ অংশ নেন। ব্যানার-ফেস্টুন হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এখনই পদক্ষেপ নিন, নদী ভাঙন রুখুন -এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মানববন্ধনে বক্তারা বলেন, ভাঙনের ফলে ইতোমধ্যে বিপুল পরিমাণ আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে এবং আরও বিস্তীর্ণ এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে। তারা দ্রুত অন্তত ৪০০ মিটার ঝুঁকিপূর্ণ এলাকায় জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ এবং ড্রেজিংয়ের মাধ্যমে নদীর গতিপথ স্বাভাবিক করার দাবি জানান। অন্যথায় পুরো ইউনিয়নের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে নদী ভাঙনে আরও বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।
স্থানীয় বাসিন্দা শাহিদা বেগম বলেন, ‘স্বামী-সন্তান নেই, এক মেয়েকে নিয়ে কোনোরকমে এখানে থাকি। যদি এ ঘরটুকুও নদী নিয়ে যায়, তাহলে আমরা কোথায় যাব? আমাদের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে সরাসরি হস্তক্ষেপ চাই।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চর চান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, চর দরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিএনপি নেতা সেলিম রেজা, যুবদল নেতা রায়হান সাব্বির, ব্যবসায়ী আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পতাকানিউজ/এএএম/আরবি

