ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ৭জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
শনিবার, ২৫ জুলাই ভোর সাড়ে ৪টায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীনস্থ শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর নিকটবর্তী দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোরে ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহল দল ৭ জন ব্যক্তি যাদের মধ্যে ছয়জন নারী এবং একজন ছেলে শিশু রয়েছে তাদের জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশে বাধা দেন। বিজিবির কঠোর ও সুদৃঢ় অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা ৭ জনকে নিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।
বিজিবি জানিয়েছে, পুশইনের শিকার হওয়ার উপক্রম হওয়া ৭ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা সবাই ভারতীয় নাগরিক। ঘটনা চলাকালীন কাউকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেয়া হয়নি।
এ বিষয়ে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তা প্রতিহত করেন।
অধিনায়ক আরও বলেন, অবৈধ অনুপ্রবেশ, পুশইন কিংবা সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও প্রয়োজনীয় প্রতিরোধ মূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পতাকানিউজ/এএএম/আরবি

