ফেনীর ফুলগাজী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ২ বাংলাদেশি নারীকে আটক করেছে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশে সোপর্দ করা হলে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে শুক্রবার, ১৪ আগস্ট রাতে উপজেলার নোয়াপুর সীমান্ত সংলগ্ন মধ্য কামাল্লা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নয়াখালী এলাকার মৃত সুধীর দাশের স্ত্রী সোনা লক্ষী (৭০) এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের দোলগনি গ্রামের বিষু দাশের স্ত্রী শান্তনা (৪০)।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাতে ১০ বিজিবির আওতাধীন ফুলগাজীর নোয়াপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৩১-৭ এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে মধ্য কামাল্লা এলাকায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের আটক করেন। পরবর্তীতে তাদের নোয়াপুর বিওপির বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হলে বিজিবি তাদের ফুলগাজী থানা পুলিশের হেফাজতে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলগাজী থানার ওসি মো. শাহীন মিয়া জানান, আটক দুই নারী ইতিপূর্বে ভারতে অবস্থান করতেন। পুনরায় বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তারা আটক হন। তাদের বিরুদ্ধে পাসপোর্ট ও সীমান্ত সংক্রান্ত প্রচলিত আইনে মামলা দায়েরের পর শনিবার আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পতাকানিউজ/এএএম/আরবি

