ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি ফেব্রুয়ারি মাসের জন্য দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে বাড়ানো হয়েছে অটো গ্যাসের দামও।
সোমবার, ২ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে নতুন এ দর কার্যকর হবে। এ নিয়ে টানা দুই মাস এলপি গ্যাসের দাম বাড়ানো হলো।
এর আগে গত ৪ জানুয়ারি ৫৩ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করে বিইআরসি। যদিও এ দামে ভোক্তারা সিলিন্ডার কিনতে না পারার বিস্তর অভিযোগ ছিল। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও মিলেছে অভিযোগের সত্যতা। অভিযান ও জরিমানার পরও নির্ধারিত দামে পাওয়া যায়নি সিলিন্ডার। ভোক্তাদের বাড়তি দামেই কিনতে হয়েছে সিলিন্ডার।
এদিকে নতুন দর অনুযায়ী চলতি মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৩৫৬ টাকা। প্রতি কেজি এলপিজির দাম ১০৯ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। প্রতি কেজির দাম ছিল ১০৫ টাকা ৮ পয়সা।
এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত জানুয়ারি মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৫৯ টাকা ৮০ পয়সা।
পতাকানিউজ/আরবি

