দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায় নির্ধারণ করা হয়েছে। এর আগে সোমবার, ৩০ মার্চ ২২ ক্যারেটের সোনার ভরি ছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।
মঙ্গলবার, ৩১ মার্চ এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) । নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।
বাজুজের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে সোনার দামের সঙ্গে বাড়ানো হয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা।
বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৫৬১ ডলার উঠেছে।
পতাকানিউজ/আরবি

