আরেকটি হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে আবারও ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার, ৪ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুর-১০ এলাকায় বিপ্লব শেখ নামে এক যুবক নিহতের মামলায় এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় আলোচিত সেনা কর্মকর্তাকে প্রথমে গ্রেপ্তার দেখানো হয় পরে রিমান্ডে নেয়ার আদেশ দেয়া হয়।
জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন নিহত হওয়ার ঘটনায় মিরপুর মডেল থানায় করা হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড শেষে আজ, সোমবার তাকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই কফিল উদ্দিন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ওই মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
পরে মিরপুর থানার বিপ্লব শেখ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের এসআই হাবিব উল্যাহ্। মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষে তার আইনজীবী উম্মে হাবিবা রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যা ৬ টায় মিরপুর ১০ নম্বর গোলচক্করের পাশে আজমল হাসপাতালের সামনে ছাত্র-জনতার মিছিলে অংশ নিয়েছিলেন বিপ্লব শেখ (১৯)। সেখানে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে স্থানীয় লোকজন আজমল হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাত ১১টায় তিনি মারা যান।
এ ঘটনায় ২০২৫ সালের ১ জুলাই শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা হয়।
প্রসঙ্গত, গত ২৩ মার্চ গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরদিন ২৪ মার্চ রাজধানীর পল্টন থানায় দায়ের করা মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়। ২৯ মার্চ একই মামলায় তাকে দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ডে নেয়া হয়। গত ৪ এপ্রিল মাসুদ উদ্দিন চৌধুরীকে একই মামলায় ৩ দিনের রিমান্ডে নেয়া হয়। পল্টন থানায় করা মানব পাচার মামলায় টানা ১৪ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মাসুদ উদ্দিন চৌধুরীকে।
এরপর মিরপুর থানায় করা দেলোয়ার হত্যা মামলায় ৪ দফা রিমান্ডে নেয়া হয়। এবার বিপ্লব শেখ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে নেয়ায় তাকে মোট আট দফা রিমান্ডে নেয়া হলো।
পতাকানিউজ/এএ/আরবি

