ফেনী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাড. এসএম কামাল উদ্দিনকে আচরণবিধি লঙ্ঘন করে ফেসবুকে প্রচার-প্রচারণা চালানোর দায়ে তাদের কারণ দর্শনো নোটিশ (শোকজ) জারি করা হয়েছে। শনিবার, ১৭ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সভাপতি সিভিল জজ মো. এহসানুল হক এ নোটিশ জারি করেন।
নোটিশে বলা হয়, রফিকুল আলম মজনু নামীয় ভেরিফাইড ফেইসবুক পেইজ হতে বিভিন্ন সময় ধানের শীষ প্রতীকের জন্য ভোট চেয়ে নানান ধরনের পোস্টার, ব্যানার ও ভিডিও প্রচার করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন। এতে রফিকুল আলম মজনুকে আগামী ২১ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় অত্র নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, ফেনী-১ এর অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন কমিশন বরাবর তার (অভিযুক্ত প্রার্থী) বিরুদ্ধে কেন বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন না তা লিখিত ও মৌখিকভাবে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
অপরদিকে পৃথক নোটিশে উল্লেখ করা হয়, অ্যাড. এসএম কামাল উদ্দিন এবং জননেতা কামাল ভাই ফেনী-১ নামীয় ফেইসবুক পেইজ হতে বিভিন্ন সময় দাঁড়িপাল্লা প্রতীকের জন্য ভোট চেয়ে নানা ধরনের পোস্টার, ব্যানার ও গণসংযোগ কার্যক্রমের ভিডিও প্রচার করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দলও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন। এতে এসএম কামাল উদ্দিনকে আগামী ২১ জানুয়ারি বিকেল ৩টায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, ফেনী-০১ এর অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অত্র কমিটি নির্বাচন কমিশন বরাবর তার বিরুদ্ধে কেন বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন না তা লিখিত ও মৌখিকভাবে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
ব্যর্থতায়, বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উভয় নোটিশে উল্লেখ করা হয়েছে।
এদিকে আদেশের কপি অভিযুক্ত প্রার্থী, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন কর্মকর্তা, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে পাঠানো হয়েছে।
পতাকানিউজ/এএএম/আরবি

