বর্তমান যুগে স্মার্টফোন ছাড়া একদিনও ভাবা যায় না। কাজ, যোগাযোগ, বিনোদন সবকিছুতেই এখন ফোন অপরিহার্য। আমরা সারাদিন ফোনে নানান কাজ করায় এর চার্জ বেশিক্ষণ থাকে না যার ফলে কিছুক্ষণ পরপর ফোন চার্জে দিতে হয়। কিন্তু অনেকেই জানেন না, ফোন ঠিকভাবে চার্জ না দিলে এর ব্যাটারি লাইফ দ্রুত কমে যায়। তাই প্রশ্ন থেকে যায় স্মার্টফোন দিনে কতবার চার্জ দেওয়া উচিত? আর বারবার চার্জে বসালে এতে ফোনের কি ক্ষতি হয়?
ব্যাটারির ধরন জানুন আগে
বর্তমান সব স্মার্টফোনেই থাকে লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার ব্যাটারি। এই ব্যাটারিগুলো ‘চার্জ সাইকেল’ অনুযায়ী কাজ করে। একবার ০% থেকে ১০০% পর্যন্ত চার্জ হওয়াকে বলে একটি সাইকেল। গড়ে একটি ব্যাটারি ৪০০-৫০০ সাইকেল পর্যন্ত ভালো পারফরম্যান্স দেয়।
দিনে কয়বার চার্জ দেয়া উচিত
বিশেষজ্ঞদের মতে, দিনে ১–২ বার চার্জ দেয়া একেবারে স্বাভাবিক। ফোন যদি অনেক ব্যবহার করা হয় (গেম, ভিডিও, ইন্টারনেট), তাহলে দিনে ২ বার পর্যন্ত চার্জ দেয়া যেতে পারে। তবে ফোনের ব্যাটারি ১৫–২০% নামলে চার্জে দেয়া ভালো। ৮০–৯০% পৌঁছালে চার্জ খুলে ফেলাই সবচেয়ে নিরাপদ।
ঘন ঘন চার্জ দেয়া কি ক্ষতিকর?

ফোন ঘন ঘন চার্জে বসানো ততটা ক্ষতিকর নয়, যতক্ষণ পর্যন্ত আপনি চার্জ পুরো ১০০ শতাংশ না করেন বা ফোন অতিরিক্ত গরম না হয়। আধুনিক ফোনগুলোতে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়, যা আংশিক চার্জে অভ্যস্ত। তবে দিনে বারবার ‘ফাস্ট চার্জার’ ব্যবহার করলে বা চার্জ দেওয়ার সময় ফোনে গেম খেলা, ভিডিও দেখা বা কল এ থাকলে ব্যাটারির তাপমাত্রা বাড়ে, যা দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে।
যে ভুলগুলো এড়িয়ে চলবেন
১. ব্যাটারি একেবারে ০% না নামানো, এতে ব্যাটারির কেমিক্যাল ক্ষতিগ্রস্ত হয়।
২. রাতভর চার্জে রেখে দেয়া যাবে না এতে অনেক ফোনে সেফ সিস্টেম থাকলেও দীর্ঘসময় চার্জে থাকলে তাপ তৈরি হয়, যা ব্যাটারি নষ্ট করে।
৩. গরম অবস্থায় চার্জ না দেয়া যাবে না, ফোন গরম থাকলে চার্জ দেয়ার আগে ঠান্ডা হতে দিন।
৪. অরিজিনাল চার্জার ব্যবহার করুন। নকল বা অন্য ব্র্যান্ডের চার্জার ব্যাটারির স্থায়িত্ব কমায়।
বিশেষজ্ঞদের পরামর্শ
- ফোনে “Battery Health” অপশন নিয়মিত চেক করুন।
- পাওয়ার ব্যাংক ব্যবহার করলে গুণগত মান যাচাই করুন।
- মোবাইল গেম খেলার সময় চার্জে রাখবেন না।
গরম পরিবেশে ফোন রাখলে ব্যাটারি ক্ষতি হয় তাই সরাসরি রোদে রাখবেন না। যদি একান্তই রাখতে হয় তবে যখন ফোন গরম হয়ে আসবে তখন কিছুক্ষণ ব্যবহার বন্ধ রাখুন, ঠাণ্ডা হলে তারপর ব্যাবহার করুন।
স্মার্টফোনকে দীর্ঘদিন সচল রাখতে সঠিক চার্জিং অভ্যাস খুব জরুরি। দিনে কতবার চার্জ দেবেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কখন ও কীভাবে চার্জ দিচ্ছেন এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ব্যাটারি ২০% এ নামলে চার্জ দিন, ৮০–৯০% এ খুলে ফেলুন এই নিয়ম মেনে চললে আপনার ফোন থাকবে দীর্ঘস্থায়ী, নিরাপদ ও স্মার্ট।
পতাকানিউজ/এনএফএম

