অবশেষে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিল কার্ড বিতরণের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করনে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সোমবার, ২৩ ফেব্রুয়ারি এ তথ্য নিশ্চিত করেছে।
প্রেস উইং জানায়, প্রাথমিকভাবে ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে এ কার্ড বিতরণ করা হবে।
রমজানেই ‘ফ্যামিলি কার্ড’ দিতে গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিসভা কমিটি গঠন করে সরকার। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কমিটির সভাপতি করা হয়।তার নেতৃত্বে এই কমিটিতে ১৪ জন সদস্য রয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন—সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহদী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদসচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, অর্থসচিব, তথ্যসচিব, স্থানীয় সরকার সচিব, পরিকল্পনাসচিব ও সমাজকল্যাণ সচিব।
প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ হবে বনানীর কড়াইল বস্তি, পাংশা, পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাগঞ্জে।
উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে পাঁচ কার্যদিবসের মধ্যে উপকারভোগীর তালিকা চূড়ান্ত করা হবে। অনুদানের অর্থ ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণ করা হবে।
আবেদন করতে কী কী লাগবে
আবেদন প্রক্রিয়া এখনও পূর্ণাঙ্গভাবে শুরু হয়নি। প্রাথমিকভাবে তিনটি ডকুমেন্টস প্রয়োজন লাগবে। এগুলো হলো- আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও একটি সচল মোবাইল নম্বর।
কোথায় করবেন আবেদন
ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। এছাড়া একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও নিচ্ছে সরকার। প্রতি পরিবারে কেবল একটি কার্ড ইস্যু করা হবে, যার মাধ্যমে মাসিক নগদ টাকা বা নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।
পতাকানিউজ/আরবি

