নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দিনদুপুরে প্রকাশ্যে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার, ১৩ অক্টোবর দুপুর দেড়টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পলোয়ান বাড়ির সামনে পরিষ্কার বাজার সড়কে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সুব্রত চন্দ দাস (৪০)। তিনি উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চিরু রঞ্জন দাসের ছেলে এবং দুই সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুব্রত বেকার ছিলেন। তার স্ত্রী রিক্তা রানি দাস উপজেলার চর হাসান ভূঞারহাটে স্বাস্থ্য সেবা বিভাগে চাকরি করেন। সোমবার দুপুরে স্ত্রীকে আনতে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রওনা দেন সুব্রত। ধারণা করা হচ্ছে, যাত্রাপথে হারিছ চৌধুরী বাজারের পশ্চিমে পলোয়ান বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাকে গলা কেটে ও মাথায় কুপিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখে যায়।
স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের সময় কেউ সরাসরি ঘটনা প্রত্যক্ষ করেনি। পরে মোটরসাইকেলসহ রক্তাক্ত অবস্থায় সুব্রতের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
নিহতের চাচা লিটন চন্দ্র দাস বলেন, ‘স্ত্রীকে কর্মস্থল থেকে আনতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে হত্যাকাণ্ডের সময় কেউ কিছু দেখেনি। স্থানীয়দের খবরেই পুলিশ ঘটনাস্থলে আসে।’
আরেক চাচা নিতাই চন্দ্র দাস বলেন, ‘সুব্রত খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন, কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। এমন নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকা শোকাহত। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
চরজব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের গলা কাটা ও মাথায় কোপের চিহ্ন রয়েছে। কে বা কারা হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
পতাকানিউজ/এইচএএ/এমওয়াই

