হবিগঞ্জে বকেয়া টাকা পাওনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সোমবার, ৩০ মার্চ বেলা ১২টায় লাখাই উপজেলার সুনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই গ্রামের জালাল মিয়ার দোকান থেকে রসম আলী বাকিতে মাল ক্রয় করতে যান। এসময় রসম আলী আগের ১৮৫ টাকা বাকি টাকা চাইলে এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়।
পরবর্তীতে এ ঘটনার জেরে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর ও লাখাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
পতাকানিউজ/এসসি/আরবি

