বগুড়া জেলা কারাগারের চুরি মামলায় বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার, ২৮ জুলাই রাত পৌনে ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া আরিফ (৩৫) বগুড়া সদর উপজেলার গোদাপাড়া গ্রামের বুলবুলের ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, চুরি মামলায় গত ৯ জুলাই আরিফকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার রাত পৌনে ২টায় তিনি কারাগারে হঠাৎ অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং প্রিজন সেলের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর সনদপত্র অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এছাড়া তিনি ব্রংকাইটিস সমস্যায় ভুগছিলেন।
বগুড়া জেলা কারাগারের জেলার নূরুল মুবীন জানান, আসামি রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে রাত পৌনে ২টায় তাকে অ্যাম্বুলেন্সে করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
পতাকানিউজ/পিএম/আরবি

