বগুড়ায় নিয়মিত চিকিৎসক না থাকা, ভুয়া সনদের নার্স ও অদক্ষ জনবল দিয়ে স্বাস্থ্যসেবার নামে প্রতারণার অভিযোগে ফাতেমা ক্লিনিক ও সেবা হসপিটালসহ ৬ প্রতিষ্ঠানকে মোট ৮১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার, ১৭ আগস্ট সকাল ১০টায় নন্দীগ্রাম পৌর শহরের বাসস্ট্যান্ড ও পুরাতন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
অভিযানে ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকের পরিচালক দিনা পারভীনকে ১০ হাজার টাকা, সেবা হসপিটালের নুসরাত জাহানকে ৩০ হাজার টাকা, নন্দীগ্রাম ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মঞ্জুরুল ইসলামকে ৫ হাজার টাকা এবং হেলথ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আল মাসুদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া চিকিৎসা দেয়া এবং স্যালাইন, ইনজেকশন ও ড্রেসিংয়ের অপরাধে আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা ও আব্দুর রশিদকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, ক্লিনিকে প্রসূতি ও অস্ত্রোপচার কক্ষে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকা, হালনাগাদ লাইসেন্সের অভাব এবং অপরিচ্ছন্ন পরিবেশের জন্য চারটি ক্লিনিক ও দুই ফার্মেসিকে ৮১ হাজার জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পতাকানিউজ/পিএম/আরবি

