বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিহালী উচ্চ বিদ্যালয় চত্বরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা ও পলিথিন দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বিদ্যালয়ের এমন অব্যবস্থাপনার কারণে প্রধান শিক্ষক খয়বর আলীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে পীরব ইউনিয়নের ওই বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন বরাদ্দের চিঠি প্রদান ও প্রস্তাবিত স্থান পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এই চিত্র দেখতে পেয়ে এই নির্দেশ দেন।
পরিদর্শনকালে দেখা যায়, বিদ্যালয় মাঠের বিভিন্ন স্থানে ময়লা ও পলিথিন পড়ে আছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন নোংরা পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, যেখানে শিশু-কিশোররা শিক্ষাগ্রহণ করে, সেই পরিবেশ অবশ্যই পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত হওয়া জরুরি। নোংরা পরিবেশ কখনোই মানসম্মত শিক্ষার সহায়ক হতে পারে না।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলামকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খয়বর আলীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করার তাগিদ দেন তিনি।
একাডেমিক ভবনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নতুন ভবনের কাজ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি পরিবেশগত মান রক্ষাও সমানভাবে নিশ্চিত করতে হবে। পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক খয়বর আলী বিদ্যালয়ের পরিবেশ অপরিস্কার-অপরিচ্ছন্ন থাকার কথা স্বীকার করেন। এছাড়া প্রতিমন্ত্রীর ক্ষোভের পরই পুরো বিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করে ছবি তুলে ইউএনও’র কাছে পাঠানো হয়েছে বলে জানান।
এ প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এসময় আমি উপস্থিত ছিলাম। শনিবার অফিস বন্ধ থাকায় শোকজ করা য়াযনি। রবিবার অফিস খুললে প্রধান শিক্ষককে শোকজ করা হবে।’
-পতাকানিউজ/পিএম

