বগুড়ার কাহালু উপজেলায় সৎ ছেলের হাসুয়ার আঘাতে বাবা মিলন ওরফে টাইগার মিলন (৩০) নিহত হয়েছে। বৃহস্পতিবার, ৬ নভেম্বর বিকেল ৫টার দিকে উপজেলা সদরের পশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত টাইগার মিলন কাহালু পালপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে।
জানা গেছে, টাইগার মিলন গত ৮-৯ বছর আগে কাহালু পৌর এলাকার জামতলা গ্রামের চার সন্তানের জননী নাজুর স্ত্রী মেঘনা বেগমকে (৩৫) বিয়ে করে পশু হাসপাতালের পাশে একটি পরিত্যক্ত ভবনে বসবাস করত।
কিন্তু মেঘনা বেগমের প্রথম স্বামী নাজুর ছেলে শামীম হোসেন (২২) কোনোভাবেই তার সৎ পিতা মিলনকে মেনে নিতে পারেননি। এ নিয়ে মাঝে মধ্যে মিলনের সঙ্গে শামীমের বিবাদ লেগেই থাকত।
বৃহস্পতিবার সন্ধ্যার একটু আগে পারিবারিক কলহকে কেন্দ্র করে সৎ ছেলে শামীম হোসেন হাসুয়া দিয়ে এলোপাতাড়িভাবে তার সৎ বাবা টাইগার মিলনকে কোপাতে শুরু করে। এতে সে গুরুতর আহত হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মিলনকে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ৯টার দিকে মিলন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিলন মারা যায়। এ ঘটনা জানার পরপরই রাত সাড়ে ১০ টার দিকে কাহালু থানা পুলিশ মিলনের স্ত্রী মেঘনা বেগমকে এবং তার ছেলে শামীম হোসেনকে আটক করে।
কাহালু থানার ওসি নিতাই চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে করে বলেন, ‘মিলনের মরদেহ বর্তমানে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।’
পতাকানিউজ/পিএম/এএইচ

