বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলায় সাইফুল ইসলাম (৪০) নামের এক ট্রাকমালিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো একসময় উপজেলার সোন্দাবাড়ি পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের জমিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই এলাকার জামাল উদ্দিন ওরফে জামুর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম প্রতিদিনের মতো কাজ শেষে গভীর রাতে বাড়ি ফিরছিলেন। ভোর হয়ে গেলেও তাঁর কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বাড়ির উত্তর পাশে একটি ঘাসের জমিতে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা।
নিহতের মেয়ে সাদিয়া আক্তার জানান, তাঁর বাবা প্রায়ই দেরি করে বাসায় ফিরতেন। কিন্তু সেদিন ভোর হয়ে যাওয়ার পরও না ফেরায় তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন এবং বাড়ির সামনেই তাঁর মরদেহ দেখতে পান।
খবর পেয়ে গাবতলী মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মুহাম্মদ রায়হান।
তিনি জানান, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ব্যবসায়িক কোনো বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে জাতীয় সংসদ নির্বাচনের পরদিন থেকে বগুড়ায় টানা তিন দিনে তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে ১৩ ফেব্রুয়ারি অটোরিকশার একটি গ্যারেজ থেকে কিশোর আলিফের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ১৪ ফেব্রুয়ারি সকালে শহরের মাটিডালি মোড় এলাকায় ফাহিম নামে এক ছাত্রদল কর্মী ছুরিকাঘাতে নিহত হন।
-পতাকানিউজ/পিএম

