আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। তারেক রহমান দেশে ফেরার খবরে বগুড়া শহরের বাসাটি সংস্কার করা হচ্ছে। তারেক রহমান বগুড়ায় এলে এ বাসাতেই অবস্থান করেন।
ওয়ান ইলেভেনের সময় তারেক রহমান গ্রেপ্তার হন এবং পরে মুক্ত হয়ে লন্ডন চলে যান। এরপর থেকে বাড়িটিতে কোনো কেয়ার টেকারও ছিল না। বাসাটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।
অথচ দেশে থাকা অবস্থায় তারেক রহমান উত্তরের কোনো জায়গায় গিয়ে ফেরার পথে বগুড়ার এ বাসায় রাত্রিযাপন করতেন। এ বাসা থেকেই তারেক রহমান বগুড়া তথা উত্তরের জেলাগুলোর নেতাদের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতেন।
নেতাকর্মীরা জানান, অনেক বছর আগে সাবেক সংসদ সদস্য লালু তার বাসার পাশে পাঁচ শতাংশ জমি তারেক রহমানকে মৌখিকভাবে দেন। পরে সেখানে বাড়ি নির্মাণ করেন তারেক রহমান। বিশেষ নিরাপত্তা অনুযায়ী বাড়িটির নকশা করা হয়। মূলত এই বাড়িটিকে ঠিকানা হিসেবে নিয়েছিলেন তিনি।
এদিকে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচনও করতে যাচ্ছেন তারেক রহমান। সেক্ষেত্রে বাড়িটি নির্বাচনের প্রধান কেন্দ্র হবে বলে ধারণা করা হচ্ছে। এজন্য তারেক রহমানের দেশে ফেরার তারিখ ঘোষণার পর পরই বাসার সংস্কার কাজ শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘আমার বাসার পাশেই তারেক রহমানের বাসা। আমি জায়গাটি উনাকে দিলেও নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন করে বাসা নির্মাণ করেন তিনি। ওই বাসা থেকেই বগুড়া তথা উত্তরের সংগঠনের খোঁজ নিতেন তিনি। সেখানে রাতভর রাজনৈতিক আলোচনা করতেন। আর বাসার বাইরে হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান করতেন।’
তিনি বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরার তারিখ ঘোষণার পর বাসাটির সংস্কার কাজ শুরু হয়েছে। দেশে ফিরে প্রথম দিকে ঢাকায় ব্যস্ত থাকবেন তিনি। এরপর বগুড়ায় আসবেন। কারণ বগুড়া-৬ আসন থেকে তারেক রহমান নির্বাচনে অংশ নিচ্ছেন।’
পতাকানিউজ/পিএম/আরবি

