বগুড়ার শিবগঞ্জে দুঘর্টনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ি। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে গেছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী নাজমা আরা বেগম এবং এক পথচারী আহত হয়েছেন।
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক বাজারসংলগ্ন গোপীনাথপুর এলাকায় জয়পুরহাট–মোকামতলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীকে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁরা চিকিৎসা নেন। আহত পথচারী ফিরোজা বেগমকে (৬০) বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সরকারি গাড়িতে করে প্রতিমন্ত্রী আবদুল বারী তাঁর নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন। তাঁর সঙ্গে স্ত্রী নাজমা আরা বেগমও ছিলেন। তাঁদের নিরাপত্তায় পুলিশের একটি গাড়িও ছিল।
কিচক বাজারসংলগ্ন গোপীনাথপুর এলাকায় পৌঁছালে নিরাপত্তার গাড়িটি সামনে চলে যায়। এর পরপরই ফিরোজা বেগম মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে এলে তাঁকে বাঁচাতে গিয়ে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশে ধানখেতে নেমে যায়।
প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম বলেন, ‘পুলিশের গাড়ি পার হওয়ার পরপরই এক নারী পথচারী হঠাৎ মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করলে আমাদের গাড়ির সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশে ধানখেতে নেমে যায়। এতে প্রতিমন্ত্রী ও আমি দুজনই আহত হয়েছি। শরীরের কয়েক জায়গায় আঘাত লেগেছে।’

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীকে অন্য একটি গাড়িতে করে জয়পুরহাট পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত সরকারি গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
-পতাকানিউজ

