প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার, ২০ এপ্রিল সকাল ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউজে পৌঁছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী গাড়িবহর।
এসময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে রয়েছেন। বগুড়ায় পৌঁছলে ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।
দিনব্যাপী এ সফরে তিনি দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশনের‘ আনুষ্ঠানিক উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, এবারের সফরে প্রধানমন্ত্রী বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করবেন। এছাড়া ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খননসহ তার একাধিক কর্মসূচি রয়েছে। আয়তন ও জনসংখ্যার দিক থেকে বগুড়া পৌরসভা দেশের বৃহত্তম ছিল। গত ১৭ বছর রাজনৈতিক কারণে বঞ্চিত হওয়ার পর সিটি করপোরেশন হওয়ার এই সিদ্ধান্ত শহরটিকে পরিকল্পিত ও নান্দনিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
দুপুরের কর্মসূচিতে প্রধানমন্ত্রী গাবতলী উপজেলার বাগবাড়ীতে শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করবেন। এরপর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে স্থানীয়দের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তিনি। সেখান থেকে বাগবাড়ি নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন প্রকল্পের উদ্বোধন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা পরিদর্শন করার কথা রয়েছে তার।
বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবে
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে পুরো বগুড়া শহর তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। জেলাজুড়ে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।
পতাকানিউজ/পিএম/আরবি

