ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে স্মরণীয় করে রাখতে বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শহরের শাকপালা এলাকায় অবস্থিত সড়ক ও জনপদ বিভাগের সিঅ্যান্ডবি পার্কে গত শনিবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। য়োজকদের ভাষ্য, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্মৃতিবিজড়িত এই পার্ককে কেন্দ্র করেই উদ্যোগটির সূচনা।
তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সংগঠন স্টার্টআপ বগুড়া এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত বগুড়া জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীরা যৌথভাবে এ আয়োজন করে। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের অর্জিত ২১২টি আসনের প্রতীক হিসেবে প্রথম দিনে ২১২টি গাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। তিনি বলেন, তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি রাজনৈতিক উদ্যোগ নয়, বরং পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। শিক্ষার্থীদের এই উদ্যোগ দেশের অন্য জায়গাতেও অনুপ্রেরণা জোগাবে বলে তিনি মন্তব্য করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশবান্ধব সবুজায়নকে গুরুত্ব দিয়েই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সিবিআরই আইবিএমের টেকনিক্যাল ডিরেক্টর হাসান মাহবুব বলেন, পরিকল্পিত নগরায়ন ও পরিবেশ সংরক্ষণ একসঙ্গে এগিয়ে নিতে হবে। তরুণদের অংশগ্রহণ দেখিয়ে দিয়েছে, ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব তারাই দিতে পারে।
এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি এবং বগুড়া জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী একেএম আহসান হাবীব নাফি বলেন, সঠিক দিকনির্দেশনা পেলে তরুণ প্রজন্ম দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মসূচি ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।
স্টার্টআপ বগুড়ার সভাপতি মশিউর শাফী বলেন, বগুড়া থেকেই একটি দায়িত্বশীল সামাজিক উদ্যোগের সূচনা করতে চেয়েছেন তারা। ভবিষ্যতে স্টার্টআপ কার্যক্রমের পাশাপাশি পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগেও সম্পৃক্ত থাকার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের ডিরেক্টর সৈয়দ আহনাফ তাজওয়ার, এটিএম তৌফিকুল ইসলাম, চিফ কো-অর্ডিনেটর আব্দুর রহমান দিয়ান, জোবায়ের বিন সিদ্দিকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা।
-পতাকানিউজ/পিএম

