বগুড়ার শাজাহানপুর উপজেলার মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় এখনও মামলায় হয়নি। বুধবার, ২৬ নভেম্বর সন্ধ্যা ৭টা পযন্ত থানায় মামলা রেকর্ড হয়নি।
এদিকে ময়নাতদন্ত শেষে মা ও সন্তানদের মরদেহ পৃথক স্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টায় গৃহবধূ সাদিয়া মোস্তারিমের (২৮) মরদেহ তার বাবার বাড়ি ভান্ডার পাইকা উত্তরপাড়া গ্রামে জানাজা শেষে দাফন করা হয়।
একইদিন রাত ১১টায় চার বছরের মেয়ে সাহিফা ও ৮ মাস বয়সী ছেলে সাইদের জানাজা ও দাফন সম্পন্ন হয় তাদের দাদার বাড়ি এলাকা খালিশাকান্দি মন্ডলপাড়া গ্রামে।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গৃহবধূ সাদিয়া ও তার দুই শিশু সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। গৃহবধূর স্বামী শাহাদত হোসেন এখনও পুলিশ হেফাজতে রয়েছে।
ওসি আরও জানান, রহস্য উদঘাটনে তদন্ত চলছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার আসল কারণ জানা যাবে।
এদিকে স্বামী শাহাদত হোসেন ও স্বজনদের দাবি, সাদিয়া একজন বদমেজাজি নারী ছিলেন। সে সন্তানদের হত্যার পর নিজে আত্মহত্যা করেছে।
অপরদিকে গৃহবধূ সাদিয়ার স্বজনদের দাবি, সাদিয়া ও তার দুই সন্তানকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করলেই রহস্য বেরিয়ে আসবে।
প্রসঙ্গত, মঙ্গলবার, ২৫ নভেম্বর সকাল ১০টায় শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের নিজ ঘরে গৃহবধূ সাদিয়ার ঝুলন্ত এবং তার দুই শিশু সন্তান সাহিফা ও সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
পতাকানিউজ/পিএম/আরবি

