বগুড়ায় পৃথক সড়ক দুঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছে। এর মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও সিএনজির এক যাত্রী রয়েছেন।
বুধবার, ৫ আগস্ট সকাল ও দুপুরে এরুলিয়া বিমানবন্দর সড়কে এবং কাহালু উপজেলায় ইন্দ্রপুর বাজারে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভাতশুকান এলাকার রইস উদ্দিন ফকিরের ছেলে ব্যাটারিচালিত অটোরিকশাচালক শামীম হোসেন এবং কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরোখা গ্রামের আবু জাফর প্রামাণিকের স্ত্রী সিএনজি যাত্রী জান্নাতুল ফেরদৌস (৬০)।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, আজ সকাল সাতটায় শামীম হোসেন দুপচাঁচিয়া থেকে অটোভ্যান নিয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে এরুলিয়া বিমানবন্দর সড়ক এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা শাহ সুলতান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং শামীম মারাত্মক আহত হন। স্থানীয় পথচারীরা উদ্ধার করে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে স্বজনরা নিহত ব্যক্তির মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় এখনও কোনো মামলা বা অভিযোগ হয়নি।
এদিকে কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, আজ দুপুরে কাহালু উপজেলায় মালঞ্চা ইউনিয়নে ইন্দ্রপুর বাজার এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিযাত্রী জান্নাতুল ফেরদৌস (৬০) নিহত হয়। এ ঘটনায় আব্দুল খালেক (৫৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌসকে মৃত বলে ঘোষণা করেন। আব্দুল খালেক (৫৫) চিকিৎসাধীন আছেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
পতাকানিউজ/পিএম/আরবি

