বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে হুমায়রা নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার, ৩১ মার্চ ভোররাত সাড়ে ৩টায় হাসপাতালের হাম রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
শজিমেক হাসপাতালের উপপরিচালক ও মুখপাত্র ডা. মো. মনজুর-এ-মুর্শেদ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির শরীরে হামের উপসর্গ ও র্যাশ ছিল। ভর্তির পর তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। সেখানেই ভোররাতে তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃত শিশু হুমায়রা বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা। মঙ্গলবার হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় শজিমেক হাসপাতালে হামের রোগীদের জন্য আলাদা একটি আইসোলেশন বিভাগ খোলা হয়েছে। বর্তমানে সেখানে একই ধরনের উপসর্গ নিয়ে ১০ শিশু চিকিৎসাধীন। তবে এখন পর্যন্ত ১৮টি শিশুর নমুনা পরীক্ষা করা হলেও কারও শরীরে হামের অস্তিত্ব (পজিটিভ) পাওয়া যায়নি।
মারা যাওয়া শিশুটির নমুনা পরীক্ষার বিষয়ে ডা. মনজুর-এ-মুর্শেদ বলেন, চিকিৎসকেরা শিশুটির শরীর থেকে নমুনা সংগ্রহের চেষ্টা করেছিলেন। কিন্তু তার অভিভাবকরা অনুমতি না দেয়ায় সংগ্রহ করা সম্ভব হয়নি। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পতাকানিউজ/পিএম/আরবি

