বগুড়ায় তীব্র গরমে ‘হিটস্ট্রোকে’ আক্রান্ত হয়ে এক রিকশাচালকের মৃত্যুর হয়েছে। বৃহস্পতিবার, ২ এপ্রিল দুপুর ২টায় বগুড়া শহরের মালতীনগর বকশীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে বগুড়ায় আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মারা যাওয়া ব্যক্তির নাম আবু সামাদ (৫৫)। তিনি সারিয়াকান্দি উপজেলার গোয়ালবাতান ফুলবাড়ি এলাকার বাসিন্দা এবং মৃত আজিজার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরের দিকে রিকশা নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন আবু সামাদ। পথিমধ্যে বকশীবাজার মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে রিকশা থামিয়ে বসে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে পাশের একটি ভবনের দেয়ালের সঙ্গে বসিয়ে দেন। কিছুক্ষণ পরেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করে বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরহাদ মন্ডল বলেন, ‘প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ধারণা অতিরিক্ত গরমের কারণে ‘হিটস্ট্রোক’ তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
অপরদিকে বগুড়া আবহাওয়া অফিসের ওয়্যারলেস অপারেটর রবিউল ইসলাম জানান, আজ বিকেল ৩টায় জেলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমের সর্বোচ্চ।
পতাকানিউজ/পিএম/আরবি

