বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানে “বগুড়া বিশ্ববিদ্যালয়” প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
সোমবার, ২২ জুন সকাল ১১টায় ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ২৫ বছর আগে দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর এলাকায় এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করলেও যা আজও বাস্তবায়িত হয়নি| ফলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং দূরবর্তী অঞ্চলে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণে অতিরিক্ত ব্যয় বহন করতে বাধ্য হচ্ছে|
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বগুড়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফর শেষে ফেরার পথে জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আশ্বাস প্রদান করেছেন| এছাড়া বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন|
বক্তারা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুত বাস্তবায়নে শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকাতেই বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম গ্রহণের দাবি জানান|
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার, মাওলানা আব্দুস ছালাম, উপজেলা বিএনপির সাংগঠনিক হারেজ উদ্দিন, আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, মাদলা ইউপি চেয়ারম্যান আতিক, অধ্যক্ষ জাফর আলমগীর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, ব্যবসায়ী বাদশা সরকার, উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনূর আক্তার, সাধারণ সম্পাদক সুমী আক্তার, সাংগঠনিক সম্পাদক জোসনা বেগমসহ প্রমুখ।
পতাকানিউজ/পিএম/আরবি

