বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল এ দুই আসনে ভোট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তফশিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, দুই আসনের ভোটগ্রহণ আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ইসি সচিব বলেন, ‘১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থী মারা যাওয়ার কারণে সেখানে ভোট বাতিল করা হয়। আর পরবর্তী সময়ে বর্তমান প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়েছেন।’
উল্লিখিত দুই আসনে পোস্টাল ভোট থাকলেও ভোটার সংখ্যা কম হওয়ায় শুধু শেরপুর-৩ আসনে গণভোট হবে না বলে জানান তিনি।
তফশিল অনুযায়ী, এ দুই আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২ মার্চ। মনোনয়নপত্র বাছাই ৫ মার্চ পর্যন্ত। আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ হবে ১৫ মার্চ।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন, এনসিপি পেয়েছে (১১ দলীয় জোট) ৬টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি আসন, গণঅধিকার পরিষদ পেয়েছে ১টি আসন, বাংলাদেশ জাতীয় পার্টি পেয়েছে ১টি আসন, গণসংহতি আন্দোলন পেয়েছে ১টি আসন, খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন, স্বতন্ত্র প্রার্থী পেয়েছে ৭টি আসন।
নির্বাচনে সারা দেশে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়ে বলে জানায় ইসি।
পতাকানিউজ/আরবি

