মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুর রহমান বজ্রপাতে নিহত হয়েছেন। সোমবার, ৬ অক্টোবর দুপুরে সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামে এ ঘটনা ঘটে। বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবু আব্দুল্লাহ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিজ কৃষি জমিতে ঘাস (আগাছা) কাটতে যান ফজলুর রহমান। এসময় প্রচুর বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তখন বজ্রপাতে কোনো একসময় তিনি মারা যান।
ইউপি সদস্য আবু আব্দুল্লাহ জানান, ‘দুপুর থেকে অনেক খোঁজাখুঁজি করা হয় ফজলুর রহমানকে। পরিবারের সদস্যরা জানান ধানি জমিতে গেছেন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে কৃষি জমির মধ্যে উনার লাশ পরে থাকতে দেখা যায়। আমরা দেখলাম তার মুখের পুরো অংশ কালো হয়ে গেছে। পরে আমরা বাড়িতে নিয়ে আসি।’
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, ‘মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে কি কারণে মৃত্যু হয়েছে আমি এখনও নিশ্চিত না।’
পতাকানিউজ/এমআরআর/এমওয়াই

