নোয়াখালীর বেগমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত হওয়ার ঘটনার ১২ দিন পর প্রধান আসামি ছোট ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার, ১২ জানুয়ারি দুপুরে নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার, ১১ জানুয়ারি রাত সাড়ে ৯টায় ফেনী সদর থানার শহীদ সেলিনা পারভীন সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি হারুনুর রশিদ (৫৫) বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কুলাচরা গ্রামের বাসিন্দা। নিহত ব্যক্তি তার আপন বড় ভাই আবু বকর ছিদ্দিক (৬৬)। তারা দুজনই মৃত সেলামত উল্লাহর ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই পলাতক ছিলেন।
র্যাব জানায়, গত ৩০ ডিসেম্বর সকালে জমি নিয়ে বিরোধের জেরে আবু বকর ছিদ্দিককে তার বসতঘরের সামনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার পর থেকেই প্রধান আসামি হারুনুর রশিদ পলাতক ছিলেন।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুনুর রশিদ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।’ পরে তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে আদালতের মাধ্যমে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
পতাকানিউজ/এইচএএ/আরবি

