কর্ণফুলী নদীর অংশ লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতের পূর্ব নির্দেশনা অমান্যের অভিযোগে এই রুল দেওয়া হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, কর্ণফুলী নদী রক্ষায় পূর্বে দায়ের করা জনস্বার্থ মামলায় হাইকোর্ট কয়েক দফা নির্দেশনা দিয়েছিলেন। জরিপে নদী হিসেবে চিহ্নিত অংশ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
তার দাবি, আদালতের সেই নির্দেশনা উপেক্ষা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলী নদীর অংশবিশেষ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে লিজ দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা আদালতের আদেশের পরিপন্থী।
এ ঘটনায় কেন আদালত অবমাননার দায়ে ব্যবস্থা নেওয়া হবে না—এ মর্মে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান, প্রশাসনের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান, মেম্বার (ফিন্যান্স) মো. শহিদুল আলম, মেম্বার (ইঞ্জিনিয়ারিং) কমোডর কাউসার রশিদ এবং সম্পত্তি বিভাগের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ রায়ান উদ্দিনের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে।
-পতাকানিউজ

