বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) এর সাবেক ২ কর্মকর্তাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার, ০৩ নভেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন জাহান এই আদেশ দেন।
কারাগারে পাঠানো কর্মকর্তারা হলেন, সাবেক মহাব্যবস্থাপক নুরুল আবছার ও সাবেক জিএম (প্রশাসন) মো. নাসিবুজ্জামান তালুকদার। তারা আদালতে জামিন নিতে এলে নামঞ্জুর হয়। তাদের বিরুদ্ধে সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম শাহ আলমকে বয়স জালিয়াতি করে চাকরির মেয়াদ বাড়ানো ও সরকারি অর্থ আত্মসাতে সহযোগিতার অভিযোগ রয়েছে।
মামলার বিবরণী সূত্রে জানা যায়, বিজিএফসিএল’র সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম শাহ আলম চাকরি চলাকালীন সময়ে তার শিক্ষা সনদ ও এনআইডিতে জন্মসাল ১৯৬১ সালের পরিবর্তে ১৯৬২ সাল করেন। এতে এক বছর অতিরিক্ত দায়িত্ব পালন করে ৭৪ লাখ চার হাজার টাকা বেশি বেতন নেন।
এদিকে এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি কাগজ জালিয়াতির প্রমাণ পায়। পরে কোম্পানির ৭১৭তম বোর্ড সভায় এটিএম শাহ আলমসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়। উপ-মহাব্যবস্থাপক মো. আবুল বাসার মিজি বাদী হয়ে ২০২৪ সালের ২২ অক্টোবর মামলা দায়ের করেন। এরই মধ্যে মামলার প্রধান আসামি এটিএম শাহ আলম দেশ ত্যাগ করেন। মামলার অপর দুই আসামি নুরুল আবছার ও মো. নাসিবুজ্জামান তালুকদার সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান। সোমবার তারা নিম্ন আদালতে হাজির হন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জানান, আসামিদের জামিন বাতিলের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। আসামি পক্ষের আইনজীবী কবীর হোসেন জানান, আদালতের জামিন বাতিলের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
পতাকানিউজ/বিপিবি/এমওয়াই

