আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আয়োজিত জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান। প্রায় ২০ বছর পর বরিশালের মাটিতে পা রাখলেন তিনি।
বুধবার, ৪ ফেব্রুয়ারি সাড়ে ১১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে শুরু হয় জনসভা। নেতাকে এক নজর দেখতে সমাবেশস্থলে ঢল নেমেছে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের।
বেলা ১২টায় হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছান বিএনপির চেয়ারম্যান। হেলিকপ্টার থেকে নামার পর তাকে স্বাগত জানান বরিশাল বিভাগ ও জেলার শীর্ষ নেতারা।
জনসভাকে কেন্দ্র করে বিশাল মঞ্চ তৈরির পাশাপাশি মাঠজুড়ে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও তোরণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
জনসভায় বক্তব্যের পাশাপাশি বরিশাল বিভাগের ২১ আসনে বিএনপি ও শরিক প্রার্থীদের পরিচয় করে দেবেন তারেক রহমান।
এদিকে দলীয় চেয়ারম্যানের আগমন ঘিরে নেতাকর্মী ও সমর্থকরা উচ্ছ্বসিত।
বরিশাল সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার জানান, বরিশালের মানুষ তারেক রহমানের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তাকে একনজর দেখার জন্য, জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে। আজকের জনসভায় আগামীর দক্ষিণাঞ্চল উন্নয়নের জন্য যাদের মনোনয়ন দিয়েছেন তাদের জন্য তিনি বার্তা দেবেন। বক্তব্য শেষে তিনি হেলিকপ্টারযোগে ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
প্রসঙ্গত, ২০০১ সালে বরিশালের বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর ২০০৬ সালে বরিশাল সফর করেন তারেক রহমান। তখন তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। আজ তিনি দলের চেয়ারম্যান হয়ে সফরে আসলেন।
পতাকানিউজ/আরবি

