বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ সরকার ফের ফ্যাসিবাদী শাসনের পথে হাঁটা শুরু করেছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সরকার এখন ছলচাতুরি করছে। তিনি বলেন, বগুড়ার সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন জামায়াতের ওপর নাকি স্বৈরাচারের আত্মা ভর করেছে। আমরা বলতে চাই, বিএনপি সরকারকে আসলে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে।
শুক্রবার, ২৪ এপ্রিল দুপুরে ঝিনাইদহ শহরের জোহান ড্রিমভ্যালি পার্কে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দেশের মানুষ বারবার রক্ত দিয়েছে, আমরা আর রক্ত দিতে চাই না। আজ যারা জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বলে গালি দেয়, ১৭ বছর তারাই বিদেশে লুকিয়ে ছিল। জনগণ জানে আসল গুপ্ত কারা।
তিনি বলেন, দেশবাসী ভেবেছিল জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দল সরকার গঠন করবে। সারা দেশে দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত হয়েছিল। কিন্তু ভোট গণনার পর রেজাল্টশিট তৈরি ও ফলাফল ঘোষণায় ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সংসদ নির্বাচনের রেজাল্ট ঘোষণার পর আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারতাম। হরতাল-অবরোধ দিয়ে দেশ অস্থির করার শক্তি আমাদের ছিল। কিন্তু আমরা দেশের স্বার্থে, স্থিতিশীলতার স্বার্থে অনেক কষ্ট বুকে চেপে ফলাফল মেনে নিয়েছি। তবে এটা আমাদের দুর্বলতা নয়।’
জুলাই জাতীয় সনদ ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘সংবিধান সংস্কার নিয়ে ৩৩টি রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছালেও বিএনপি ১০টি পয়েন্টে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে বিরোধিতা করেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি এখন গণভোটের রায় বাতিল করতে চায়। সংবিধানের দোহাই দিয়ে তারা ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে।’
ঝিনাইদহ জেলা জামায়াতের সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেবসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
পতানিউজ/এআর/আরবি

