আজকের দিনটা শুধু একজন অভিনেতার জন্য নয়, পুরো পৃথিবীজুড়ে কোটি কোটি ভক্তের জন্য এক বিশেষ দিন। শাহরুখ খান, বলিউড বাদশাহ। যাকে দেখা হয় ভালোবাসা, অনুপ্রেরণা, আর সফলতার প্রতীক হিসেবে, আজ তার জন্মদিন।
১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লীতে জন্মগ্রহণ করেন তিনি। মধ্যবিত্ত সাদামাটা এক পরিবার থেকে উঠে এসে মেধা, শ্রম ও অবিচল ইচ্ছাশক্তিতে জায়গা করে নিয়েছেন বলিউড ও সারাবিশ্বের দর্শকের মনে।
টেলিভিশন নাটক দিয়ে অভিনয় জীবনের সূচনা এই অভিনেতার। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তাঁর বলিউড পদচারণা শুরু হয়। দিওয়ানা সিনেমা মুক্তির পর একের পর এক হিট ছবি উপহার দিতে থাকেন তিনি। ধীরে ধীরে হয়ে ওঠেন ‘কিং অফ বলিউড’।
কুচ কুচ হোতা হে, কাভি খুশি কাভি গাম, বাজিগর, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, চেন্নাই এক্সপ্রেস ও জাওয়ান এর মতো অসংখ্য বক্স অফিস কাঁপানো সিনেমায় অনবদ্য অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন।
শুধু তুখোড় অভিনয়েই থেমে নেয় এই অভিনেতা। ব্যবসা ও প্রযোজনাতেও রয়েছে তাঁর সমানে পদচারণা। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ আধুনিক প্রযুক্তি ও VFX ব্যবহারে বলিউডে যোগ করেছে নতুন মাত্রা। পাশাপাশি ‘কলকাতা নাইট রাইডার্স’ ক্রিকেট দলের মালিক হিসেবে ক্রীড়া জগতেও সমানে জনপ্রিয়তা রয়েছে তাঁর।
তারকাখ্যাতি ছাড়াও ব্যক্তিজীবনে মানবিক কাজের জন্য সকলের কাছে প্রশংসিত। শিক্ষা, স্বাস্থ্য ও শিশুদের কল্যাণে তাঁর নানামুখী অবদান রয়েছে।
ভক্তদের কাছে অনুপ্রেরণার আরেক নাম হলো শাহ্রুখ। তিনি শিখিয়েছেন স্বপ্নকে কীভাবে বাস্তবে রূপ দেওয়া যায়। চলতি বছত ষাট বছরে পা রেখেছেন এই বলিউড কিং।
বলিউড কিংয়ের জন্মদিন অথচ কোনো চমক থাকবে না? এমনটা হতেই পারে না। তাই ভক্তদের চমকে দিতে নিয়ে এলেন তাঁর নতুন সিনেমা ‘কিং’। ইতোমধ্যে নতুন সিনেমার টাইটেল উন্মোচিত হয়েছে। প্রকাশের সাথে সাথেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভক্তদের উচ্ছ্বাসের শেষ নেই। এই সিনেমা শ্যুটিং শুরু হয়েছে কয়েক মাস আগেই। ২০২৬ সালেই ‘কিং’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
আজ তার জন্মদিনে, আমরা শুধুমাত্র তার অভিনয়ের উদযাপনই করছি না, বরং সেই মহাত্মার উদযাপন করছি যিনি শুধু বলিউড নয়, পুরো দুনিয়াকে ভালোবাসা, সাফল্য এবং পরিশ্রমের এক অনন্য পাঠ শিখিয়েছেন।
পতাকানিউজ/কেএ

