চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগরে জায়গা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলনের করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার, ১৮ অক্টোবর দুপুরে মিরসরাই সদরের মোজাম্মেল টাওয়ারের রুফটপ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাবরিন তাহছিনা লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় সাবরিন তাহছিনার স্বামী কাজি মো. জাকের হোসেন উপস্থিত ছিলেন।
তিনি জানান, ৪ থেকে ১৬ অক্টোবরের মধ্যে বিকেল আনুমানিক ৪টার দিকে রেদোয়ানুল হক সোহাগ ও আজম খানসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার স্বামীর পৈতৃক বসতভিটার জায়গায় জোরপূর্বক প্রবেশ করে। সার্ভেয়ার এনে জায়গা পরিমাপ করে সীমানা নির্ধারণের খুঁটি স্থাপন করেন। ঘটনাটি জানার পর তিনি ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে বিবাদীরা তার প্রতি ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করে। প্রাণের ভয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।
সাবরিন তাহছিনা আরও জানান, পরবর্তীতে বিবাদীরা পুনরায় হুমকি দেয় যে, তিনি যদি এ বিষয়ে থানায় অভিযোগ করেন তবে তাকে যেকোনো সময় হত্যা করা হবে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করলে তারা থানায় লিখিত অভিযোগ দাখিলের পরামর্শ দেন, যার পরিপ্রেক্ষিতে তিনি জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
তিনি অভিযোগ করেন, বিবাদীরা দীর্ঘদিন ধরে তার পরিবারের জমি দখলের ষড়যন্ত্র করে আসছে এবং আইনকে তোয়াক্কা না করে এলাকার শান্তি-শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করছে। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আজম খান বলেন, ‘হুমকি ধমকি দেওয়ার বিষয়টি সত্য নয়। আমরা শুধুমাত্র সার্ভেয়ার নিয়ে জায়গাটি পরিমাপ করতে গিয়েছি।’
এ বিষয়ে জোরারগঞ্জ থানার উপপরিদর্শক সুজন বলেন, ‘৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ভুক্তভোগীকে আদালতের শরণাপন্ন হতে পরামর্শ দেয়া হয়েছে।’
পতাকানিউজ/এসইউএস/এমওয়াই

