প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন আহমদে তানভীরের (৪২) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার, ১০ আগস্ট দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এ আদেশ দেন। এর আগে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদুর রহমান আদালতে আসামির উপস্থিতিতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, গাজী সালাউদ্দীন আহম্মেদ তানভীরের তিন দিনের রিমান্ড আবেদন আদালত মঞ্জুর করেছেন। তবে এখনও তাকে থানায় আনা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাকে থানায় আনা হবে।
তিনি আরও জানান, এঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছেন কি না এবং কী কারণে তিনি এ ধরনের মন্তব্য করেছেন সে বিষয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসঙ্গত, গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ঢাকার মিরপুরে মনিপুরি পাড়ার একটি বাড়ি থেকে গত ৫ আগস্ট ভোরে গ্রেপ্তার করা হয়। ঢাকা থেকে গ্রেপ্তার করে আনার পর ওই দিন তাকে বগুড়ায় আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষে আদালত তাকে জেলাহাজতে পাঠানোর আদেশ দেন।
এর আগে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমে্মদ খান রুবেল বাদি হয়ে সদর থানায় গাজী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেন।
পতাকানিউজ/এএ/আরবি

