হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর এলাকায় অতিবৃষ্টিতে খোয়াই নদীর বাঁধ ভেঙে হাওরে ঢলের পানি প্রবেশ করেছে। এতে শত শত হেক্টর জমির পাকা ও আধাপাকা বোরো ধান তলিয়ে গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধে চাপ সৃষ্টি হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। সুজাতপুরসহ আশপাশের অর্ধশতাধিক গ্রামের ফসলি জমি প্লাবিত হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ধান কাটার মাত্র কয়েকদিন আগে এমন পরিস্থিতিতে তারা দিশেহারা। অনেকেই কাঁচা ধান কাটতে বাধ্য হচ্ছেন। ফলে উৎপাদন ও আয়ে ক্ষতির আশঙ্কা রয়েছে।
এদিকে বানিয়াচংয়ের উত্তরের হাওরের বাঁধ ভেঙে হেক্টরের পর হেক্টর ফসলের জমি তলিয়ে গেছে। আজমিরীগঞ্জ উপজেলায়ও অধিকাংশ জমি এখনও পানির নিচে। খলায় পানি উঠে যাওযায় কাটা ধান পানির নিচে ডুবে গেছে। ফসল হারিয়ে কৃষকদের বাড়িতে চলছে মাতম।
কৃষি বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর পানি এখনও বিপদসীমার নিচে থাকলেও উজানে বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, বাঁধ যেভাবে ভেঙেছে তা মেরামত করা দুরহ। যদি বৃষ্টি ও উজানের পানি প্রবাহ না কমে তাহলে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
পতাকানিউজ/এসসি/আরবি

