জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশসহ ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। পাশাপাশি আরও ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চল থেকে আংশিক আমদানিতেও বিধিনিষেধ আরোপ করেছে দেশটি-এমন তথ্য জানিয়েছে গালফ নিউজ।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, এ ৪০ দেশের মধ্যে কিছু দেশের ক্ষেত্রে ২০০৪ সাল থেকে নিষেধাজ্ঞা রয়েছে; ঝুঁকি মূল্যায়ন ও আন্তর্জাতিক প্রতিবেদনের ভিত্তিতে আরো কিছু দেশকে এ তালিকায় আনা হয়েছে। বিশেষ করে উচ্চমাত্রায় বার্ড ফ্লুর প্রাদুর্ভাবকে গুরুত্ব দেয়া হয়েছে।
যেসব দেশ থেকে ডিম আমদানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ
বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, মিশর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নাইজার, নাইজেরিয়া, ভারত, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, আইভরি কোস্ট ও মন্টেনেগ্রো থেকে মুরগি ও ডিম নেবে না সৌদি আরব।
এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া ও ডিআর কঙ্গোর নির্দিষ্ট অঙ্গরাজ্য বা শহর থেকে আংশিক আমদানিতে বিধিনিষেধ প্রযোজ্য হবে।
তবে এ নিষেধাজ্ঞাকে সাময়িক বলে আখ্যা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, অনুমোদিত স্বাস্থ্য ও নিরাপত্তা মানদণ্ড পূরণ সাপেক্ষে প্রক্রিয়াজাত করা মুরগির মাংস ও সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।
পতাকানিউজ/আরবি

