তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান এডমিরাল নাভিদ আশরাফ। রবিবার (০৯ নভেম্বর) সকালে তিনি বনানীতে নৌবাহিনী সদর দপ্তরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান তাঁকে স্বাগত জানান। এরপর তাঁকে সুসজ্জিত নৌবাহিনী দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
আইএসপিআর জানায়, পরে নৌবাহিনী সদর দপ্তরে দুই দেশের নৌপ্রধানের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। এতে পারস্পরিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি পেশাগত প্রশিক্ষণ ও সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ ও পাকিস্তানের নৌবাহিনীর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাতের সময় পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধি দল, ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার, ডিফেন্স অ্যাটাশে, নৌবাহিনীর পিএসও এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে পাকিস্তান নৌপ্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। একই দিনে তিনি সেনাবাহিনী প্রধানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
সফরকালে নাভিদ আশরাফ বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট এবং চট্টগ্রামের নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন।
এদিকে একই সময়ে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজের অধিনায়ক ও কর্মকর্তারা বাংলাদেশ নেভাল একাডেমি, নৌঘাঁটি এবং শহরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও ওই জাহাজে সফর করবেন, যার মাধ্যমে দুই দেশের নৌ সদস্যদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।
আইএসপিআর জানায়, পাকিস্তান নৌবাহিনী প্রধান এবং পিএনএস সাইফ আগামী ১২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন।
পতাকানিউজ/এনটি

