বাংলা একাডেমি পরিচালিত ৮টি পুরস্কারের জন্য ২০২৫ সালের প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ ডিসেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার প্রদান করা হবে।
ঘোষিত পুরস্কারগুলোর মধ্যে মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার পাচ্ছেন অধ্যাপক মনসুর মুসা। ভাষাভিত্তিক গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।
মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পাচ্ছেন খসরু চৌধুরী। প্রকৃতি ও বিজ্ঞানচর্চায় সামগ্রিক অবদানের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। এর অর্থমূল্য ১ লাখ টাকা।
বাংলা কবিতায় সামগ্রিক অবদানের জন্য মযহারুল ইসলাম কবিতা পুরস্কার পাচ্ছেন সানাউল হক খান। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।
বিভিন্ন নৃগোষ্ঠীর জীবন ও সাহিত্য নিয়ে গবেষণার জন্য সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন হাফিজ রশিদ খান। এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।
অভিনয়, নাট্যনির্দেশনা ও নাট্যসংগঠক হিসেবে সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পাচ্ছেন তারিক আনাম খান। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।
অনুবাদ সাহিত্যে অবদানের জন্য আবু রুশদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন শিবব্রত বর্মন। এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।
গণিতকে সহজবোধ্য ও উপভোগ্যভাবে উপস্থাপনের জন্য গণিতের রাজ্যে আনন্দভ্রমণ গ্রন্থের লেখক সফিক ইসলাম পাচ্ছেন হালীমা–শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার। এর অর্থমূল্য ৫০ হাজার টাকা।
কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন সুব্রত বড়ুয়া। এ পুরস্কারের অর্থমূল্য ২ লাখ টাকা।
এ ছাড়া অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের জন্য নির্ধারিত বিভাগে ২০২৪ সালে প্রকাশিত সিসিফাস শ্রম গল্পগ্রন্থের জন্য রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন আনিসুর রহমান। এই পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।
পতাকানিউজ/এআই

