তিন বন্ধু মানিকগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে টাঙ্গাইল ফিরছিলেন। পথিমধ্যে টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ বন্ধু। আহত হয়েছেন ১ জন ।
শুক্রবার, ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় ঘিওর উপজেলা নতুন সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘিওর থানার ওসি (তদন্ত) কহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা চাষাভাদ্রা গ্রামের ময়নাল মন্ডলের ছেলে সুজন মন্ডল (২০) ও একই উপজেলার ধুবলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সোহান (২০)। আহত মারুফ হোসেন (২১) একই উপজেলার জাকির হোসেনের ছেলে।
ঘিওর থানার ওসি তদন্ত কহিনুর ইসলাম জানান, টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। আহত তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন ও সোহানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মারুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পতাকানিউজ/জেডএইচসি/এসজিএন

