বগুড়ার দুপচাঁচিয়ায় ঢাকাগামী কোচের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মিল্টন আহমেদ লাদেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার, ৭ নভেম্বর বেলা ১২টায় বগুড়া-নওগাঁ সড়কের তেলিগাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাদেন গুনাহার ইউনিয়নের কামারু গ্রামের আব্দুর রশিদের ছেলে। তারা বর্তমানে দুপচাঁচিয়া পৌর এলাকার মাষ্টারপাড়া মহল্লায় বসবাস করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লাদেন মোটরসাইকেল নিয়ে নওগাঁ অভিমুখে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী কোচের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় লাদেন গাড়ি ছিটকে রাস্তার ওপর পড়ে গেলে কোচটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
পতাকানিউজ/পিএম/আরবি

